প্রতিলিপি; শ্লোক - ৪৪৬

মানুষ তার প্রতিলিপি দেখে 
ঈশ্বরের মূর্তি গড়ে। 
আপন বাক্য প্রতিষ্ঠার তরে 
ঈশ্বরের নামে পড়ে। 

পাদটীকা: মানুষের ক্ষমতা সীমিত, মানুষের কাছে সে রূপ অকল্পনীয় যা সে দেখেনি বা শোনেনি। সসীম ক্ষমতার অধিকারী হওয়ায় আমরা কেবল সেগুলোর দৃশ্যায়ণ করতে পারি যা আমরা দেখেছি বা শুনেছি। 
- আরিফুর রহমান, নরওয়ে।

প্রতিলিপি; শ্লোক - ৪৪৬


মাছ; শ্লোক - ৪৪২

মৃত মাছ ভেসে যায়
স্রোতের সঙ্গতিতে।
জীবিত মাছ সাঁতরায়
স্রোতের বিপরীতে।

পাদটীকা: স্রোতে কেবল হালকা এবং জড় বস্তুই ভেসে যায়। জীবিত মৎস যেমন স্রোতের বিপরিতে সাঁতার কাটে, অনুরূপ বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ কখনো হুজুকে গা ভাসায় না।
আরিফুর রহমান, নরওয়ে।

মাছ; শ্লোক - ৪৪২


মেধা এবং মানবতা; শ্লোক - ৪৩৭

যে মেধায় নাই মানবতার বাস 
মনুষ্যত্ব সেথা করে হাসফাস। 
সে মূর্খ ঢের উত্তম; যে জন সৎ 
মানুষে প্রাণে করে প্রেম বিশ্বাস। 

পাদটীকা: বুদ্ধিমান অসৎ ব্যক্তি অনেক ভয়ংকর হতে পারে। এরূপ ক্ষেত্রে মূর্খ এবং সৎ ব্যক্তি যথেষ্ট নিরাপদ এবং উত্তম। যে ব্যক্তির মাঝে মেধা, সততা এবং মানবতার বাস, সে ব্যক্তি অতি উত্তম। 
- আরিফুর রহমান, নরওয়ে।
মেধা এবং মানবতা শ্লোক

বিজ্ঞান ও বিশ্বাস; শ্লোক - ৪৩৬

বিজ্ঞান যত হইবে উন্নত; 
অন্ধবিশ্বাস ঘুচিবে তত। 
দৃষ্টির ছানি বিজ্ঞান দিবে তুলে 
অন্ধবিশ্বাস মানুষ যাবে ভুলে। 

পাদটীকা: সময়ের সাথে মানুষের জ্ঞানের পরিসীমা বাড়ছে, বিজ্ঞান উন্নত হচ্ছে। মানুষের অভিযান এখন পৃথিবী ছাড়িয়ে মহাশূণ্য ছাড়িয়ে অন্য গ্রহে, অজানা কে জানার তরে, আর সমস্যা কে সমাধানের উদ্দেশ্যে বিজ্ঞান সদা সক্রিয়। পক্ষান্তরে অন্ধবিশ্বাস পুরোনো ধারণায় স্তব্ধ, পুরোনো সংস্কার নিয়ে ব্যস্ত। ক্রমশ মানুষের বিশ্বাস এবং জীবনে প্রচলিত অন্ধবিশ্বাস সংস্কারের পরিবর্তে বিজ্ঞান এবং প্রযুক্তির প্রতি আস্থা চলমান। - আরিফুর রহমান, নরওয়ে।

বিজ্ঞান ও বিশ্বাস শ্লোক

দরিদ্র রাষ্ট্র; শ্লোক -৪৩৪

রাষ্ট্র দরিদ্র হওয়ার মূল কারণ
দারিদ্র সীমার নীচে থাকা দরিদ্র গণে নয়।
সে রাষ্ট্র মাথা তুলে না দাড়ায়
রক্ষক যেথা ভক্ষক হয়ে লুটেপুটে সব খায়।

পাদটীকা: রাষ্ট্র গরিব হওয়ার পিছে দারিদ্র সীমার নীচে বসবাসকারী নাগরিকদের ভূমিকা শূণ্য। রাষ্ট্র তখনই গরিব হয় যখন রাষ্ট্রে সুষম বন্টনের অভাব দেখা দেয়, প্রশাসনে যখন দুর্নীতির অনুপ্রবেশ ঘটে, শাসক এবং রক্ষক শ্রেণী যখন রাষ্ট্রীয় সম্পদ কুক্ষিগত করে।
- আরিফুর রহমান, নরওয়ে।


দরিদ্র রাষ্ট্র ভিক্ষুক ভিক্ষা করছেন

বিশ্বাস এবং ধোঁকা; শ্লোক - ৪৩৩

প্রয়োজনের চেয়ে অতিরিক্ত আলোয় 
সব আঁধার, না যায় দেখা কিছু। 
অতীব মাত্রায় যেথায় থাকে বিশ্বাস, 
ধোঁকা সেথায় আসে পিছু পিছু। 

পাদটীকা: মাছের আবাসের জন্য পাত্রে পানি থাকা যেমন পূর্ব শর্ত, অনুরূপ ধোঁকা হওয়ার পূর্ব শর্ত হলো বিশ্বাস। ধোঁকা সেখানেই হয় যেখানে বিশ্বাস বা ভরসা থাকে, অর্থাৎ সে ব্যক্তি কখনোই ধোঁকা দিতে পারেনা যাকে কখনোই বিশ্বাস বা ভরসা করা হয় না। যাকে পরিমিত বিশ্বাস করা হয় সে ধোঁকা দিলে সহনীয় কষ্ট লাগে, তবে যদি কাউকে সীমাহীন বা অন্ধভাবে বিশ্বাস করা হয়, সে ধোঁকা দিলে অসহনীয় কষ্ট অনুভূত হয়।
- আরিফুর রহমান, নরওয়ে।

বিশ্বাস এবং ধোঁকা

মেধা ও মাধুর্যের অনুপাত; শ্লোক - ৪৩২

পায়েস রান্নায় গুড় যত ঢালবে,
হবে তত বেশি মিষ্টি।
সৃষ্টিশীল কাজে যত মেধা ব্যয়,
হবে অসাধারণ সৃষ্টি।

পাদটীকা: সৃজনশীলতার সঙ্গে মেধা ও পরিশ্রম পরষ্পর সম্পর্কযুক্ত। যেমন পায়েসে গুড় যত বেশি দিলে মিষ্টতা বাড়ে, তেমনি সৃষ্টিশীল কাজে মেধা, মনন ও শ্রম যত বেশি ঢালা যায়, ততই সৃষ্টি হয় অসাধারণ কিছু। প্রকৃত শিল্প, সাহিত্য কিংবা বিজ্ঞান কোনো অলৌকিক ব্যাপার নয়; তা গড়ে ওঠে নিষ্ঠা, যত্ন এবং চিন্তার গভীরতার ওপর দাঁড়িয়ে। সৃষ্টির স্বাদ ঠিক ততটাই মিষ্টি যতটা হৃদয় দিয়ে তা প্রস্তুত করা যায়। - আরিফুর রহমান, নরওয়ে।

মেধা ও মাধুর্যের অনুপাত; শ্লোক - ৪৩২


ঘটনা; শ্লোক - ৪২৬

আদি সত্য সেটা নয়
যেটা রটে।
প্রকৃত সত্য সেটাই
যেটা ঘটে।

পাদটীকা: মানুষ যখন কোনো কিছুর বর্ণনা করে, তখন সে আপন অভিব্যক্তির সহিত বর্ণনা করে। আর এই কারণে ঘটা ঘটনা আর প্রচারিত ঘটনার তফাৎ পরিলক্ষিত হতে পারে।
আরিফুর রহমান, নরওয়ে।

পুনরাবৃত্তি; শ্লোক - ৪২২

ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে;
পুরাতন পণ্য নব মোড়কে।
নতুন যাত্রী তুলে পুরনো
গাড়ী চলে নতুন সড়কে।

পাদটীকা: সমাজে এবং রাজনীতিতে অনেক ঘটনারই পুনরাবৃত্তি ঘটে। যেমনটা, ব্যবসায় পুরাতন পণ্যকে নতুন রূপে বাজারজাত করা হয়।
আরিফুর রহমান, নরওয়ে।

ধারণা বদল; শ্লোক - ৪২১

ব্যাঙ যখন কুঁয়োতে থাকে
কুঁয়োকেই ভাবে বিশ্ব।
সাগরে ব্যাঙ যখন মেলে,
খুঁজে পায় নব অস্তিত্ব।

পাদটীকা: সময়ের সাথে সাথে ব্যক্তির অবস্থানের পরিবর্তনের কারণে ব্যক্তি নতুন অভিজ্ঞতা লাভ করে। যে বিষয়ে শূণ্য ধারণা ছিলো সে বিষয়ে ধারণা লাভ করে, আর যে বিষয়ে স্বল্প ধারণা ছিলো সেই বিষয়ে অধিকতর ধারণা লাভ করে।
আরিফুর রহমান, নরওয়ে।

ভাবাদর্শ; শ্লোক - ৪১৮

ভাবাদর্শ অমর রয়;
শরীরের মৃত্যু হয়।
মানুষ থেকে মানুষে
যুগ যুগ বেঁচে রয়।

পাদটীকা: আদর্শ এবং মূল্যবোধের মৃত্যু নাই।
আরিফুর রহমান, নরওয়ে।

ঋতুচক্র; শ্লোক - ৪১৬

রাতের পর ভোর হয়
হাসে দিনের আলো।
দুখের পরে সুখ আসে
ঘুচায় সকল কালো।

পাদটীকা: জীবন সুখ দুঃখের ঋতুচক্র। পালাক্রমে সব কিছুই আসে, যায়।
আরিফুর রহমান, নরওয়ে।

সৌন্দর্য; শ্লোক - ৪১৫

গায়ে রঙ যেমনই হোক
অন্তর যার আলো।
সে জন ভালোর মাঝে
শত গুণে ভালো।

পাদটীকা: বাহ্যিক রূপের সৌন্দর্যের চেয়ে আত্মিক রূপের সৌন্দর্য অধিক গুরুত্বপূর্ণ।
আরিফুর রহমান, নরওয়ে।

সত্য প্রতিষ্ঠা; শ্লোক - ৪১৪

মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠা
অনৈতিকতার পরিচয়।
সত্য সর্বদা প্রতিষ্ঠিত হোক,
মিথ্যাকে কখনো নয়।

পাদটীকা: আমরা যদি সততা, ন্যায় কথা বা কাজের পক্ষে থাকি থাহলে অন্যরাও অনুপ্রাণিত হবে সৎ কর্ম করতে, নয়তো সমাজ একদিন মিথ্যায় ভরে যাবে আর সততা দুষ্প্রাপ্য মূল্যবোধে পরিণত হবে। তাই, জেনে বুঝে মিথ্যাকে প্রতিষ্ঠিত হতে সহায়তা করা উচিত নয়। সত্যের পক্ষে সর্বদা থাকা আমাদের নৈতিক দায়িত্ব হওয়া উচিত। 
আরিফুর রহমান, নরওয়ে।

উদ্বাস্তু; শ্লোক - ৪১৩

আমরা সকলেই উদ্বাস্তু;
শুক্রাণুরূপে পিতা থেকে মাতৃগর্ভে।
গর্ভ থেকে মাতৃকোলে;
বদলাবদলি শেষে উদ্বাস্তু মৃত্যুগর্ভে।

পাদটীকা: মানুষ, সভ্যতার শুরু থেকেই উদ্বাস্তু। মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি উদ্বাস্তু।
আরিফুর রহমান, নরওয়ে।

অম্ল; শ্লোক - ৪১২

দুধে টক মিশালে 
হয়ে যায় ছানা। 
সন্দেহে সম্পর্কে 
বেঁধে যায় দানা। 

পাদটীকা: যেমন দুধে সামান্য টক জাতীয় কিছু মিশলেই তা ছানায় রূপান্তরিত হয়, তেমনি সুস্থ ও নির্ভরশীল সম্পর্কেও যদি সন্দেহ ঢুকে পড়ে, তা মুহূর্তেই ভেঙে যায়। সন্দেহ একটি সম্পর্কের ভেতরে বিচ্ছিন্নতার বীজ বপন করে। এই শ্লোকটি আমাদের সতর্ক করে দেয় যে, বিশ্বাস না থাকলে সবচেয়ে মধুর সম্পর্কও বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে পারস্পরিক আস্থা ও মন খুলে কথা বলার প্রয়োজনীয়তা অপরিসীম। - আরিফুর রহমান, নরওয়ে।

অম্ল; শ্লোক - ৪১২


স্বজন; শ্লোক - ৪০৯

ভালোবাসার মানুষকে
কেউ তচ্ছিল্য করে না।
কথায় কথায় দোষারোপ
স্বজন কখনো করে না।

পাদটীকা: ভালোবাসার মানুষকে কেউ কখনো অসম্মান করে না।
আরিফুর রহমান, নরওয়ে।

দেহত্যাগ; শ্লোক - ৪০৮

যে জন ভব মায়া ফেলে
ঈশ্বরলোকে যায় চলে।
আজীবন তপস্যাতেও
তার দেখা নাহি মেলে।

পাদটীকা: প্রাণ যদি একবার দেহ ত্যাগ করে, তাহলে সে আর কখনোই ফেরত আসে না।
আরিফুর রহমান, নরওয়ে।

যোগ্যতা; শ্লোক - ৪০৪

সম্মান এবং যোগ্যতা
মেলে সু কর্ম সাধানায়।
প্রেম ভালোবাসা মেলে
সম্মান যত্ন প্রকাশনায়।

পাদটীকা: উপযুক্ত কর্ম করলেই কেবল উপযুক্ত ফল মেলে।   
আরিফুর রহমান, নরওয়ে।

যোগ্যতা; শ্লোক - ৪০৪

সমতা; শ্লোক - ৪০০

যত আছে নারী পুরুষ কিন্নর কিন্নরী,
মানবিক মাপে সকলেই সমান।
একই পথে ভূমিষ্ট সব মানব সন্তান,
সকলের তরে সমান সম্মান।

পাদটীকা: মানবিক মূল্যবোধের পরিমাপে, মানুষ হিসেবে প্রতিটি মানুষই সমান।
আরিফুর রহমান, নরওয়ে।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন